কুমিল্লার দেবিদ্বারে জামায়াত-শিবিরের ডাকা হরতালে একটি তুলাবাহী ট্রাকে আগুন দেয়া হয়েছে। এছাড়া পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। হরতালে পুলিশ বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দেবিদ্বারের বাড়েরা এলাকায় হরতাল সমর্থকরা ঝটিকা মিছিল করে তুলা বোঝাই একটি ট্রাকে আগুন দেয়। পুলিশ এ ঘটনার সাথে জড়িত সন্দেহে গোলাম মোস্তফা সরকার (৪৫) নামে এক জামায়াতকর্মীকে আটক করেছে। একই উপজেলার ছোটশালঘর এলাকায় পুলিশের সাথে জামায়াত-শিবিরের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশ শিবির ক্যাডার জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চাঁন্দলা গ্রামের দুলাল মিয়ার পুত্র মীর হোসেনকে (২০) আটক করেছে।
এছাড়া পুলিশ জেলার চৌদ্দগ্রাম থেকে মুমিনুল ইসলাম, মুরাদনগর থেকে মো. আলী সরকার ও সদর দক্ষিণ থেকে নিজাম উদ্দিনকে আটক করে।
দেবিদ্বার থানার ওসি মো. মিজানুর রহমান জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে মোস্তাফা সরকার নামে এক জামায়তকর্মীকে আটক করা হয়েছে।
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হোসেন জানান, দেবিদ্বারে জামায়াত-শিবিরের সহিংসতারোধে দুপুর থেকে বিজিবি মোতায়েন করা হয়েছে।