হরতাল ডেকে আদালত অবমাননা: হাছান মাহমুদ

 
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে হরতাল ডেকে জামায়াত আদালত অবমাননা করেছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর জিপিওতে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এই কথা বলেন। খবর: বাসসের।
ড. হাছান মাহমুদ বলেন, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া শাস্তি মৃত্যুদ- বাতিল করে আপিল বিভাগ আমৃত্য কারাদ- প্রদান করার পর রায়ের বিরুদ্ধে জামায়াত হরতাল আহ্বান করেছে, যা আদালত অবমাননার শামিল। সেজন্য আদালত স্বপ্রণোদিত হয়ে জামায়াতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলে দেশের মানুষ প্রত্যাশা করে। 
তিনি বলেন, দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী আমরাও আশা করেছিলাম মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধ সংগঠনের দায়ে তার বিরুদ্ধে দেয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায় আপিল বিভাগ বহাল রাখবে।
হাছান মাহমুদ বলেন, হরতাল সম্পর্কে বিএনপি চুপ থাকায় বোঝা যাচ্ছে এতে তাদের সমর্থন রয়েছে। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া জামায়াতকে আশ্রয়-প্রশ্রয় না দিলে জামায়াত আন্দোলনের নামে ধ্বংসাত্মক কার্যক্রম চালানোর সাহস পেত না।
সংগঠনের সভাপতি আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ড. আব্দুস সোবহান গোলাপ।