৫০ হাজার মেট্রিক টন চাল রফতানির সিদ্ধান্ত

শ্রীলঙ্কায় ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল রফতানির অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠকে শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেন, শ্রীলঙ্কা আমাদের বন্ধুপ্রতীম দেশ। সে দেশের সরকারের অনুরোধে একটা টেস্ট কেস হিসেবে আমরা এটাকে নিয়েছি। এখন চালের মজুদ যথেষ্ট রয়েছে। কোনো সমস্যা হবে না। তিনি বলেন, দাম এখনো নির্ধারণ করা হয়নি। বাজার দরের ওপর ভিত্তি করে আলোচনার মাধ্যমে দাম নির্ধারণ করা হবে। বৈঠকে সভপতিত্ব করেন অর্থমন্ত্রী। বিভিন্ন সময়ে বাংলাদেশ চাল আমদানি করে সেখানে চাল রফতানির যৌক্তিকতা বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, চাহিদার তুলনায় উদ্বৃত্ত থাকলেই রফতানি করা হবে। 
পরে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে চাল রফতানি ছাড়াও সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) পরিবর্তে আগ্রহী দেশের সরকারি পর্যায়ে (জিটুজি) ঋণ বা অনুদানের মাধ্যমে পায়রা বন্দর নির্মাণসহ দুটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। বৈঠকে মোট ১৩টি প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে ১২টি প্রস্তাব অনুমোদন দেয়া হয়। অন্যদিকে নৌ মন্ত্রণালয়ের ড্রেজিং সংক্রান্ত একটি প্রস্তাবে পুনরায় দরপত্র আহবান করতে বলা হয়েছে।
অনুমোদিত প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে, ১শ’ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে বিজেএমসি থেকে দেড় কোটি বস্তা ক্রয়, হযরত শাহজালালা বিমান বন্দর আধুনিকায়ন কাজের সংশোধিত চুক্তিমূল্য বাবদ ৩৫ কোটি ৮৫ লাখ টাকা অনুমোদন,  ৩২৪ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে মোট ১ লাখ মেট্রিক টন ইউরিয়া সার ক্রয়ের চারটি প্রস্তাব এবং ২২ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে তথ্য প্রযুক্তি খাতের একটি প্রকল্পের পরামর্শক নিয়োগ দেয়া হয়।