যৌতুকের দাবিতে উল্লাপাড়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ

 
উল্লাপাড়া উপজেলার হাটদেলুয়া গ্রামে যৌতুকের দাবিতে বুধবার জান্নাতুল নাইম সুমি (২৬) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। জান্নাতুল এই গ্রামের রবিউল ইসলামের স্ত্রী। রবিউল দর্জির কাজ করে। পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়।
জান্নাতুলের বাবা জিয়া উদ্দিন অভিযোগ করেন, বিয়ের সময় রবিউল আড়াই লাখ টাকা যৌতুক দাবি করে। প্রথমে দেড় লাখ টাকা এবং পরবর্তীতে দু’বছর পরে রবিউলকে আরো ৪০ হাজার টাকা দেয়া হয়। অবশিষ্ট ৬০ হাজার টাকার জন্য রবিউল প্রায় প্রতিদিনই তার মেয়ে জান্নাতুলের উপর নির্যাতন করত। ঘটনার রাতে এই টাকা নিয়ে রবিউলের সাথে তার স্ত্রীর ঝগড়া হয়। এক পর্যায়ে রবিউল তার বাড়ির লোকজনের সহযোগিতায় জান্নাতুলেকে হত্যা করে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদা জানান, থানায় প্রাথমিকভাবে একটি ইউডি মামলা করা হয়েছে।