এই প্রথম ভারত সফরে এলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দিল্লিতে না গিয়ে সরাসরি আহমেদাবাদে পৌঁছে দেশটির জাতির জনক মহাত্মা গান্ধী আশ্রমে যান এবং খালি পায়ে বসে চরকা কাটেন এশিয়ার শক্তিশালী রাষ্ট্রের এই প্রেসিডেন্ট। খবর আনন্দবাজার পত্রিকার।
এ দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৬৪তম জন্মদিন হওয়ায় তার বাড়িতে সস্ত্রীক আতিথ্য গ্রহণ করেন চীনা প্রেসিডেন্ট। এ সময় প্রেসিডেন্ট জিনপিং ও ফার্স্ট লেডি পেং লিউয়ানকে পুরো বাড়ি ঘুরিয়ে দেখান মোদি। এরপর বিকালে তাদের গান্ধি আশ্রমে নিয়ে যাওয়া হয়। আশ্রমের বাগানে গান্ধি-মূর্তির সামনে হাতজোড় করে প্রণাম করেন প্রেসিডেন্ট। এরপর খালি পায়ে চরকা কাটতে বসে পড়েন তিনি।
ও দিকে আহমেদাবাদে জিনপিংয়ের কয়েক ঘণ্টার সফরে চীনের সঙ্গে গুজরাটের তিনটি সমঝোতা চুক্তি সই হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্যে চীনের শিল্পপার্ক গড়ার চুক্তি। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী আনন্দিবেন পাটেল একে একটি ‘ঐতিহাসিক দিন’ বলে আখ্যায়িত করেন।
এ ছাড়া আজ থেকে দিল্লিতে কূটনৈতিক স্তরের বৈঠক হওয়ার কথা রয়েছে। এ বৈঠকে সীমান্ত বিবাদ থেকে শুরু করে স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।