অস্ট্রেলিয়ার পুলিশ বড় ধরনের সন্ত্রাস-বিরোধী অভিযান শুরু করেছে। অস্ট্রেলিয়ায় ভীতি সৃষ্টির জন্য হত্যাকাণ্ড ঘটানোর আহ্বান জানিয়েছে ইসলামিক স্টেটের এক নেতা। এর পর পরই জঙ্গি-বিরোধী ব্যাপক অভিযান শুরু করে অস্ট্রেলিয়ার পুলিশ। খবর বিবিসির।
ব্রিসবেন ও সিডনিতে নানা ধরনের অস্ত্রে সুসজ্জিত প্রায় ৮০০ নিরাপত্তা কর্মী অভিযানে অংশ নেয়। ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে একজনের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে। পুলিশ বলেছে— এটাই অস্ট্রেলিয়ায় সবচেয়ে বড় সন্ত্রাস-বিরোধী অভিযান।
অস্ট্রেলিয়ার কোনো নাগরিককে আইএসের পতাকায় মুড়ে গলা কেটে হত্যা করার পরিকল্পনা করেছিল জঙ্গিরা। প্রধানমন্ত্রী টনি অ্যাবট বলেন, অস্ট্রেলিয়ারই একজন নাগরিক সরাসরি হত্যা পরিকল্পনার সাথে জড়িত ছিলেন। তাই এটিকে নিছক জঙ্গি হামলার আশঙ্কা বলা যাবে না। জঙ্গি হামলা পরিকল্পনার খবর অনেক প্রগতিশীল অস্ট্রেলিয়ান মুসলিমকে মর্মাহত করবে। অনেক মুসলিমই সন্ত্রাবাদকে ঘৃণা করে।
ব্রিটেনসহ অনেক দেশের মতো অস্ট্রেলিয়া আইএস জঙ্গিদের নিয়ে উদ্বিগ্ন। এই উদ্বেগ শুধু দেশের বাইরে নয় দেশের ভেতরেও। আইএস-বিরোধী যুদ্ধে অংশ নেয়ার জন্য প্রধানমন্ত্রী টনি অ্যাবট এরই মধ্যে ৬০০ সেনা মধ্যপ্রাচ্যে পাঠানোর ঘোষণা দিয়েছেন।