বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে দেয়া সংক্রান্ত সংবিধানের ৯৬ অনুচ্ছেদ অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। বৃহস্পতিবার আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক প্রেস-ব্রিফিংয়ে এই দাবি জানিয়ে বার সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, বর্তমান সরকার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আজ্ঞাবহ নির্বাচন কমিশনের সহায়তায় ভোটারবিহীন নির্বাচন করে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। আর বিচার বিভাগের স্বাধীনতা হুমকির মুখে ফেলে দেওয়ার জন্যই সেই সংসদেই সংবিধানের ৯৬ অনুচ্ছেদের সংশোধনী আনা হয়েছে। এর জন্য আওয়ামী লীগ সরকারকে একদিন জনগণের কাছে জবাবদিহি করতে হবে।
অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, জ্যেষ্ঠ আইনজীবীরা রয়েছেন, তারা যদি মতামত দেন তাহলে বিচার বিভাগের স্বাধীনতার রক্ষায় আমরা এই সংশোধনী চ্যালেঞ্জ করব। কিন্তু বর্তমান অবস্থায় আমরা রিট আবেদন দায়ের করার পক্ষপাতি নই। সময়-সুযোগ আসলে এবং সুপ্রিম কোর্টকে দলীয় রাজনৈতিক প্রভাবমুক্ত মনে করব যখন, তখনই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।
বার সম্পাদক ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন সংশোধিত ৯৬ অনুচ্ছেদ বাতিল না হওয়া পর্যন্ত কোনো আইনজীবী সংসদ সদস্যকে সুপ্রিম কোর্টে মামলা পরিচালনা করা থেকে বিরত থাকার আহবান জানান। তিনি বলেন, যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন এই ৯৬ অনুচ্ছেদ সংশোধনীর মাধ্যমে তারা বিচার বিভাগকে হাতের পুতুল বানাতে পারবেন। এ সময় সমিতির সহ-সম্পাদক নাসরিন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।