ওবামার পরিকল্পনা পাস

সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের মোকাবিলায় দেশটির উদারপন্থী সরকারবিরোধীদের প্রশিক্ষণ ও অস্ত্র দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পরিকল্পনা অনুমোদন করেছে প্রতিনিধি পরিষদ। ওবামার বিরোধী রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণাধীন প্রতিনিধি পরিষদে তাঁর পরিকল্পনার পক্ষে ২৭৩টি এবং বিপক্ষে ১৫৬টি ভোট পড়ে। খবর এএফপি ও রয়টার্সের।

সিনেটেও ওবামার পরিকল্পনা সহজেই অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে। পরিকল্পনা বাস্তবায়নে ৫০ কোটি ডলার চেয়েছেন তিনি।
জঙ্গি সংগঠন আইএস ইরাক ও সিরিয়ার বড় অংশ নিয়ন্ত্রণে নিয়েছে। তারা সংখ্যালঘু সম্প্রদায় ও ইরাকি বাহিনীর ওপর হামলা চালিয়ে যাচ্ছে।
ইরাকে জঙ্গিদের লক্ষ্য করে এ পর্যন্ত ১৭৪ বার বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সিরিয়ায়ও ৪০টি দেশের জোটের মাধ্যমে একই ধরনের হামলা চালানোর নতুন পরিকল্পনা করেছেন ওবামা। তবে বুধবার ফ্লোরিডায় সামরিক ঘাঁটি পরিদর্শনকালে ওবামা বলেন, ইরাকে আরেকটি স্থলযুদ্ধে মার্কিন সেনা পাঠানো হবে না।
জঙ্গি বিমান দেবে নেদারল্যান্ডস: ইরাক ও সিরিয়ায় আইএস জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ করতে কুর্দি যোদ্ধাদের এফ-১৬ জঙ্গি বিমান দেবে নেদারল্যান্ডস। সরকারি সূত্রের বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার একটি ডাচ পত্রিকার খবরে এ কথা বলা হয়।
পর্যবেক্ষণ ড্রোন: সিরিয়ার আলেপ্পো প্রদেশে আইএস জঙ্গি নিয়ন্ত্রিত রাকা এলাকায় অন্তত একটি মার্কিন নজরদারি ড্রোন উড়তে দেখা গেছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকারবিষয়ক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকাল এই দাবি করেছে।
সৌদি আরবে হামলার আহ্বান: আইএসের একজন সৌদি আত্মঘাতী হামলাকারী সৌদি বাদশাহর পরিবারের সদস্যদের লক্ষ্য করে হামলা চালানোর জন্য তাঁদের অনুসারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। এ-সংক্রান্ত একটি ভিডিওচিত্র গত বুধবার ইন্টারনেটে প্রকাশ করে আইএস। এতে বলা হয়, আবু হাজের আল-জাজরাওয়ি গত আগস্টে সিরিয়ার রাকায় আত্মঘাতী হামলা চালান। এ ঘটনার আগে ধারণ করা ওই ভিডিওচিত্রে তিনি সৌদি আরবেও এ ধরনের হামলা চালানোর আহ্বান জানান।