ফেনীর ফতেহপুরে রেল ক্রসিংয়ে বাস-ট্রেন সংঘর্ষে ট্রেনের দুটি চাকা লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা-চট্রগ্রাম লাইনে রেল চলাচল বন্ধ রয়েছে।
ফেনী রেলওয়ে স্টেশন সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর রেলক্রসিংয়ে যাত্রীবাহী একটি বাস রেল লাইনের ওপর উঠে নষ্ট হয়ে যায়। এ সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টলা এক্রপ্রেস ট্রেন বাসটিকে ধাক্কা দিয়ে লাইনের বাহিরে ফেলে দেয়। এতে ট্রেনটির দুইটি চাকা লাইনচ্যুত হয়। ফলে সারাদেশের সাথে ঢাকা-চট্টগ্রাম রেল লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
চট্টগ্রাম থেকে ঢাকাগামী তুর্ণানিশিথা মেইল ট্রেন, সিলেটগামী উদয়ন ও ঢাকা থেকে চট্টগ্রামগামী গোধুলী ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।
ফেনী রেল বিভাগের সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও রেল কর্মকর্তা-কর্মচারীরা পৌঁছেছে। ট্রেনটি উদ্ধারে লাকসাম থেকে রিলিফ ট্রেন আনা হচ্ছে। রিলিফ ট্রেন আসলে উদ্ধার কাজ শুরু হবে।