মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেছেন ওয়াশিংটনে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মুহাম্মদ জিয়াউদ্দিন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে হোয়াইট হাউসে ওভাল অফিসে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি মার্কিন প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ করেন। এসময় রাষ্ট্রদূত জিয়াউদ্দিন মার্কিন প্রেসিডেন্ট ওবামাকে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ ভ্রমণের জন্য তাদের উষ্ণ আমন্ত্রণও জানান।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বর্তমান সম্পর্ককে 'সর্বোচ্চ পর্যায়ের' বলে উল্লেখ করে রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার পথের একজন 'পরীক্ষিত, বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অংশীদার' হিসেবে চিহ্নিত করেন। ওবামা প্রশাসনের চারটি গ্লোবাল ইনিশিয়েটিভ বিশেষ করে ফিড দ্য ফিউচার, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য এবং মুসলিম বিশ্বের সঙ্গে এনগেজমেন্ট -এর সবকটিতে বাংলাদেশকে যুক্ত করায় তিনি প্রেসিডেন্ট ওবামার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাষ্ট্রদূত জিয়াউদ্দিন আরো বলেন, বাংলাদেশে সন্ত্রাস দমন ও সব ধরনের জঙ্গিবাদ নিয়ন্ত্রণে মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য বন্ধু রাষ্ট্রের সমর্থনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অত্যন্ত গভীরভাবে মূল্যায়ন করে থাকে। প্রেসিডেন্ট ওবামা তার বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং নিজেদের অভিন্ন লক্ষ্যে পৌঁছতে উভয় দেশ একযোগে কাজ করে যাবে। এসময় তিনি নবনিযুক্ত রাষ্ট্রদূতকে তার দায়িত্ব পালনকালে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
এর আগে সকাল নয়টায় চিফ অফ প্রটোকল-এর প্রতিনিধিগণ রাষ্ট্রদূত ও তার পরিবারের সদস্যগণকে তার বাসভবন থেকে নিরাপত্তা সহকারে হোয়াইট হাউসে নিয়ে যান। পরিচয়পত্র প্রদান অনুষ্ঠান শেষ হবার পর চিফ অফ প্রটোকল-এর প্রতিনিধি এবং দূতাবাসের কর্মকর্তাদের সম্মানে রাষ্ট্রদূতের বাসভবন বাংলাদেশ হাউসে একটি সংবর্ধনার আয়োজন করেন। এছাড়া এ উপলক্ষে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে সন্ধায় রাষ্ট্রদূতের সম্মানে একটি নৈশভোজেরও আয়োজন করা হয়।