বগুড়ার দুপচাঁচিয়ায় দুটি বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলি এবং চারটি ম্যাগজিনসহ দুই অস্ত্রব্যবসায়ীকে আটক করে পুলিশে দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। শুক্রবার বিকালে উপজেলার চৌমুহনী বাজার এর পার্শ্বে তাওশীফ পেট্রোল পাম্প এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশী চালানোর সময় অস্ত্র ব্যবসায়ীরা আটক ও অস্ত্র উদ্ধারের এই ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ধবড়া গ্রামের জমো প্রামানিকের ছেলে সাইফুল ইসলাম (৩৫) ও একই উপজেলার শেখটলা গ্রামের মৃত কাছের শেখের ছেলে শফিউল ইসলাম (৪৫)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদকের বড় চালান আসছে এধরনের গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক মনিরুজ্জামানের নেতৃত্বে একটি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান খান এর উপস্থিতিতে শুক্রবার বিকেলে বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী বাজার এর পার্শ্বে তাওশীফ পেট্রোল পাম্প এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশী চালায় । তখন আটক যুবকদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার হয়।
পরে অস্ত্র ও গুলিসহ আটককৃতদের দুপচাঁচিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক মনিরুজ্জামান বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান , দুই অস্ত্রব্যবসায়ীকে অস্ত্র আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘদিন যাবত এই অঞ্চলে এস অস্ত্র কেনাবেচা করতো বলে প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করেছে।