ক্লুনিকে গোল্ডেন গ্লোবের বিশেষ সম্মাননা

বিনোদনজগতে অত্যন্ত আকাঙ্ক্ষিত একটি পুরস্কার গোল্ডেন গ্লোব। বিনোদনজগতে বিশেষ অবদান রাখার জন্য ১৯৫২ সাল থেকে দেওয়া হচ্ছে এই পুরস্কার। এর একটি বিশেষ পুরস্কার হলো, বিশেষ সম্মাননা। যা বিনোদন জগতের মানুষের বিনোদন জগতের কর্মকাণ্ডসহ মানব কল্যাণে অবদানের জন্য দেওয়া হয়। ইতিপূর্বে আল পাচিনো, হ্যারিসন ফোর্ড, রবিন উইলিয়ামস, অ্যানটনি হপকিন্স, স্টিভেন স্পিলবার্গ, রবার্ট ডি নিরো, এলিজাবেথ টেলর, সোফিয়া লরেন, শন কনারি, ডাস্টিন হফম্যানের মতো শিল্পীরা এর আগে এই সম্মাননা পেয়েছেন। সর্বশেষ গত বছর এই সম্মাননা দেওয়া হয় উডি অ্যালেনকে। আগামী বছর গোল্ডেন গ্লোবের বিশেষ সম্মাননা পুরস্কারটি পেতে যাচ্ছেন জর্জ ক্লুনি। কেবল বিনোদন নয়, মানবিক কাজে ক্লুনির অবদানের কথাও বিবেচনা করে দেওয়া হচ্ছে এই পুরস্কার।

ক্লুনি অবশ্য ইতিমধ্যে চার বার জিতেছেন গোল্ডেন গ্লোব। মনোনয়ন পেয়েছেন ১৩ বার। আগামী বছর তাঁকে দেওয়া হবে ‘সেসিল বি. ডেমিল অ্যাওয়ার্ড’। ২০১৫ সালের ১১ জানুয়ারি বসবে গোল্ডেন গ্লোবের আগামী আসর। বিবিসি।