রংপুরে শনিবার পাবলিক লাইব্রেরি মাঠে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। একই সময় একইস্থানে জাতীয় পার্টির দুইগ্রুপ সমাবেশ আহ্বান করায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়।
এ সময়ের মধ্যে পাবলিক লাইব্রেরি মাঠ ও টাউন হল চত্বরে সমাবেশ নিষিদ্ধ থাকবে। এদিকে, জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান এইচএম এরশাদের নবগঠিত রংপুর জেলা ও মহানগর আহ্বায়ক কমিটির বিক্ষোভ মিছিলে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে ১৫ জন আহত হয়। আজ শনিবার সকালে নগরীর শাপলা চত্বর থেকে নবগঠিত কমিটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে এই ককটেল হামলার ঘটনা ঘটে। এ সময় নেতাকর্মীদের মাঝে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ লাঠিচার্জের মাধ্যমে তাদের ছত্রভঙ্গ করে দেয়। নবগঠিত জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ এ ঘটনার জন্য পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গার সমর্থকদের দায়ী করেছেন।
এদিকে, জাতীয় পার্টির (এ) প্রেসিডিয়াম সদস্য এবং জেলা ও মহানগর সভাপতির পদ থেকে অব্যাহতি পাওয়া পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গার সমর্থকরা নগরীর পায়রা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। তারা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। বর্তমানে ২ স্থানে জাতীয় পার্টির (এ) দু’গ্রুপ অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় সহিংস ঘটনার আশংকা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সমাবেশস্থল ২টিতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে শুক্রবার সকালে জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান এইচএম এরশাদের নবগঠিত রংপুর জেলা ও মহানগর কমিটি এরশাদের নিউ সেনপাড়াস্থ ‘স্কাইভিউ’ বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আজ শনিবার রংপুর পাবলিক লাইব্রেরীর মাঠে গণজমায়েতের আয়োজনের ঘোষণা দেয়। এদিকে বিকেলে বিলুপ্ত কমিটির নেতৃবৃন্দ সেন্ট্রাল রোডস্থ জেলা জাতীয় পার্টির (এ) কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে একই স্থানে পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গার প্রেসিডিয়াম এবং জেলা ও মহানগর কমিটি পদ থেকে অব্যাহতিসহ জেলা ও মহানগর কমিটি বিলুপ্তির প্রতিবাদে এবং পদ ও কমিটি পুনর্বহালের দাবিতে পাল্টা সমাবেশের ঘোষণা দেয়া হয়। একই সময়ে একই স্থানে দু’গ্রুপ পাল্টাপাল্টি সমাবেশের ডাক দেয়ায় নেতাকর্মীদের মাঝে চরম উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনায় রাতে প্রশাসনের পক্ষ থেকে আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সমাবেশস্থলে ১৪৪ ধারা জারি করা হয়।