খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার একটি ব্যক্তি মালিকাধীন এগ্রি ফার্মের রাবার বাগানের ম্যানেজারকে অপহরণ করেছে উপজাতীয় সন্ত্রাসীরা। শুক্রবার সন্ধ্যায় অপহৃত ম্যানেজার জাবেদ জাহাঙ্গীরকে (৩২) শনিবার বিকাল পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।
এদিকে পার্বত্য চট্টগ্রামের একটি আঞ্চলিক সংগঠনের সন্ত্রাসীরা তার মুক্তিপণ হিসাবে ৪০ লক্ষ টাকা দাবি করেছে বলে জানা গেছে। অপহরণের ঘটনায় ঐ ফার্মের শ্রমিক কর্মচারীদের মধ্যে আতংক বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, মানিকছড়ি উপজেলার মরা ডলু এলাকায় অবস্থিত সারা ফার্ম নামে ব্যক্তি মালিকাধীন একটি রাবার বাগানে শুক্রবার সন্ধ্যায় একদল উপজাতীয় সন্ত্রাসী হানা দেয়। তারা অস্ত্রেরমুখে বাগানের এমডি আহসান ইকবাল চৌধুরি ও ম্যানেজার জাবেদ জাহাঙ্গীরকে অপহরণ করে নিয়ে যায়। এর ২/১ঘন্টা পর সন্ত্রাসীরা এমডি আহসান ইকবাল চৌধুরিকে ছেড়ে দিলে তিনি বাগানে ফিরে আসেন। কিন্তু ম্যানেজার জাবেদ জাহাঙ্গীরকে তারা অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ অপহরণের খবর ছড়িয়ে পড়লে সেনাবাহিনী ও পুলিশ উদ্ধারে অভিযান শুরু করে। শনিবার বিকাল পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। রামগড় সার্কেলের এএসপি মো: শাহজাহান হোসেন জানান, উদ্ধারে সেনা ও পুলিমের যৌথ অভিযান অব্যাহত আছে।
এদিকে স্থানীয় একটি সূত্র জানায়, পার্বত্য শান্তি চুক্তি বিরোধী একটি আঞ্চলিক সংগঠনের সন্ত্রাসীরাই তাকে অপহরণ করেছে।
সূত্র জানায়, ম্যানেজার জাবেদ জাহাঙ্গীরের মুক্তিপণ হিসাবে ৪০ লক্ষ টাকা দাবি করেছে ঐ সংগঠনের সন্ত্রাসীরা।
সূত্র আরও জানায়, মুক্তিপণের টাকা প্রদান করার শর্তেই বাগানের এমডি আহসান ইকবাল চৌধুরিকে ছেড়ে দেয়া হয়। এ ব্যাপারে কথা বলতে এমডি আহসান ইকবালের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।