রাজশাহীতে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুই পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার সকালে নগরীর লোকনাথ স্কুল সংলগ্ন রাজারহাতায় এই সংঘর্ষের সময় ঘটনাস্থল থেকে পুলিশ ৫ শিবির নেতাকর্মীকে আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের প্রতিবাদে চলমান বিক্ষোভ ও হরতালের সমর্থনে শনিবার সকালে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডলের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা মনিচত্বর থেকে একটি মিছিল বের করে। মিছিলটি রাজারহাতা লোকনাথ স্কুলের সামনে গিয়ে সমাবেশ করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এসময় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এসময় উভয়পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে দুই পুলিশ কনস্টেবলসহ অন্তত ১৫ জন আহত হয়। তবে জামায়াত-শিবিরের পৃথক বিবৃতিতে দাবি করা হয়েছে, পুলিশের অতর্কিত হামলায় গুরুতর ৫ জনসহ তাদের অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়েছে। তাদের নগরীর বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ জামায়াত-শিবির কর্মী সন্দেহে ৫ জনকে আটক করেছে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আব্দুস সোবহান জানান, জামায়াত-শিবির নেতাকর্মীরা রাজারহাতা লোকনাথ স্কুলের সামনে সমাবেশ করছে মর্মে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় তারা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করলে দুই কনস্টেবল আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং ঘটনাস্থল থেকে ৫ শিবির কর্মীকে আটক করে। তাদের থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ এবং পুলিশের উপর হামলা ও সরকারী কাজে বাধাদানের বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।