আসন্না ঈদ-উল-আযহা ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে পুলিশ ব্যাপক প্রস্ততি নিয়েছে। কেউ কোন ধরনের নাশকতার চেষ্টা করলে পুলিশ তা কঠোর হস্তে দমন করবে। আর সার্বিক বিষয় মনিটরিং করার জন্য আগামী ২৪ সেপ্টেম্বর থেকে পুলিশ সদর দফতর ও জেলায় চালু করা হচ্ছে কন্ট্রোল রুম।
শনিবার পুলিশ সদর দফতরে ঈদ-উল-আযহা এবং দুর্গাপূজার আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত সভা এ ব্যাপারে সিন্ধান্ত নেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার। এ বছর মুসলমান এবং হিন্দু ধর্মাবলম্বীদের দুটি প্রধান ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদ-উল-আযহা এবং শারদীয় দুর্গাপূজা প্রায় একই সময়ে অনুষ্ঠিত হচ্ছে।
সভায় পুলিশ সদর দফতরের এআইজি মাহ্ফুজুর রহমান পবিত্র ঈদ-উল-আযহা এবং দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তুলে ধরেন। সভায় ঈদ-উল-আযহার আইন-শৃঙ্খলা ,সড়ক, নৌ ও রেলপথের নিরাপত্তা, কোরবানীর পশু পরিবহণ ও হাটের নিরাপত্তা, ঈদ জামাতস্থলের নিরাপত্তা, পশুর চামড়া পাচার রোধ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
সভায় আইজিপি হাসান মাহমুদ খন্দকার উভয় ধর্মাবলম্বীরা যাতে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে উত্সবমুখর পরিবেশে ও নিরাপদে এ দুটি অনুষ্ঠান উদ্যাপন করতে পারে সে লক্ষ্যে নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন। সভায় নির্ধারিত ঘাট ব্যতীত পশু উঠানামা রোধ, পশুরহাটে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন, পশুর হাট ইজারাদার কর্তৃক হাসিল হার প্রদর্শন, জাল নোট শনাক্তকরণ মেশিন স্থাপন এবং যান চলাচল স্বাভাবিক রাখা ইত্যাদি বিষয়ে সিন্ধান্ত হয়।
জাতীয় ঈদগাহ ময়দানসহ দেশের বিভিন্ন স্থানের ঈদ জামাতস্থলে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হবে। সুষ্ঠুভাবে যানবাহন চলাচলের সুবিধার্থে এবং দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে নসিমন, করিমন, ভটভটি ইত্যাদি যানবাহন চলাচল বন্ধ থাকবে।
শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশ প্রাক পূজা, পূজা চলাকালীন এবং পূজা পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। সভায় উপস্থিত পূজা উদ্যাপন পরিষদ নেতৃবৃন্দ পূজাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।
ঈদ-উল-আযহার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমন্বয়ের লক্ষ্যে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ঈদের পর তিন দিন পর্যন্ত পুলিশ হেডকোয়ার্টার্স এবং প্রতিটি জেলা/ইউনিটে কন্ট্রোলরুম চালু থাকবে। এছাড়া, আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত পুলিশ হেডকোয়ার্টার্স, ডিএমপি, র্যাব, ফায়ার সার্ভিস এবং ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজা সংক্রান্ত মনিটরিং এন্ড কোঅর্ডিনেশন সেল চালু রাখা হবে।
সভায় উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত আইজিপি এ কে এম শহীদুল হক, অতিরিক্ত আইজিপি আমির উদ্দিন, এসবির অতিরিক্ত আইজিপি ড. মোঃ জাবেদ পাটোয়ারী, র্যাব’র মহাপরিচালক মোখলেছুর প্রমুখ উপস্থিত ছিলেন।