রাজধানীতে জামায়াতের হরতাল সমর্থনে মিছিল, ককটেল বিস্ফোরণ

 
জামায়াতে ইসলামীর ডাকা রবিবারের হরতালের সমর্থনে রাজধানীর ফার্মগেট, মুগদা ও মহাখালীতে মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। এ সময় মিছিলে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
রাজধানীর মানিকনগরে বিকাল সাড়ে ৫টার দিকে হরতালের সমর্থনে মিছিল বের করে মুগদা থানা জামায়াতের নেতাকর্মীরা। এখানে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা পালিয়ে যায়।
একই সময়ে ফার্মগেটে একটি মিছিল বের করে জামায়াত-শিবিরের কর্মীরা। এসময় একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এসময় পুলিশ ধাওয়া দিলে মিছিলকারীরা পালিয়ে যায়।
এর আগে সকাল ৮ টার দিকে হরতাল সমর্থনে মহাখালী এলাকায় শিবির কর্মীরা মিছিল বের করে। পুলিশ ধাওয়া করে মিছিল থেকে ৪ শিবির কর্মীকে আটক করে।