চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ইঞ্জিন বিস্ফোরিত হয়ে একটি ট্রলারে আগুন ধরে যায় এবং ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলার থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এরা হলেন- নোয়াখালীর ভূইয়ারহাট এলাকার নুরুদ্দিন ভূইয়া (৪৫) ও নিজামুদ্দিন (৪২)। ট্রলারের পুড়ে যাওয়া ইঞ্জিন রুম থেকে শনিবার বিকাল ৩টার দিকে একজনের এবং সন্ধ্যা ৬টার দিকে আরেকজনের লাশ পাওয়া যায়।
শনিবার বেলা ১১টার দিকে চট্টগ্রামের ফিশারিঘাট সংলগ্ন নদীতে মাছ ধরা ট্রলারটিতে আগুন ধরে যায়। ফিশারীঘাট সংলগ্ন নদীতে নোঙর করা এমভি মনির নামের ট্রলারে এ দুর্ঘটনা ঘটে বলে কোতয়ালি থানার হাবিলদার শহিদুর রহমান সাংবাদিকদের জানান।
তিনি জানান, ট্রলারটি চালু করার সময় এর ইঞ্জিন বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। পরে ট্রলারটি ধীরে ধীরে ডুবে যেতে থাকে। সেখানে পানি কম থাকায় ট্রলারটি পুরোপুরি ডোবেনি। আগুনে মো. লিটন (৩০), নুরুদ্দিন (৪৩) ও মো. আকবর (২০) নামে ট্রলারের তিনজন দগ্ধ হন। এ সময় হুড়োহুড়িতে মো. আলমগীর (৪৫) নামে আরেকজন আঘাত পেয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।