বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, এখন আর গণজাগরণ মঞ্চের কোনো আবেদন নেই। তাছাড়া মঞ্চ এখন তিন ভাগে বিভক্ত। শনিবার সন্ধ্যায় রাজধানীর বিয়াম মিলনায়তনে বিবিসি বাংলাদেশ সংলাপে প্রশ্নোত্তরে মেনন একথা বলেন। জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের পর শাহবাগে অবস্থান নেওয়া গণজাগরণ মঞ্চের ওপর পুলিশের হামলার বিষয়ে জানতে চাইলে তিনি একথা বলেন।
সাঈদীর রায়ের বিষয়ে রাশেদ খান বলেন, সুপ্রিম কোর্টের রায়ে তিনি বিষ্মিত হননি। এর আগেও সুপ্রিম কোর্ট গোলাম আযমের মতো স্বাধীনতাবিরোধীকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়েছিল। অথচ এদেশের মানুষ এর ঘোর বিরোধিতা করেছিল। তিনি বলেন, এই রায়ের পর একটা নতুন শব্দ শিখেছি, সেটা হলো ‘আমৃত্যু কারাদণ্ড।’
অনুষ্ঠানের অন্য প্যানেল বক্তাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, সাঈদীর রায়ের পর আওয়ামী লীগ-জামায়াত সমঝোতা হয়েছে কি না সেটা নিয়ে সন্দেহ ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আগেও আওয়ামী লীগ-জামায়াত সমঝোতা হয়েছে। তাই এখন প্রশ্ন ওঠাটা যৌক্তিক।