খুলনা ও রাজশাহীতে পুলিশ-শিবিরের সংঘর্ষ, গ্রেফতার

সাতক্ষীরা: গত দুই দিনে জেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াত ও শিবিরের ২৯ জন নেতা-কর্মীকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের (ডিএসবি) উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে এক থেকে ১৭টি পর্যন্ত মামলা রয়েছে।

রাজশাহী: দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে গতকাল সকাল সাড়ে আটটার দিকে রাজশাহী নগরের মনিচত্বর থেকে মিছিল বের করে জামায়াত-শিবির। মিছিলটি নগরের রাজারহাতা এলাকায় লোকনাথ উচ্চবিদ্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। পুলিশের একটি দল ওই সমাবেশের দিকে এগিয়ে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও শর্টগানের ফাঁকা গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে।
নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোবহান জানান, সংঘর্ষে ইটের আঘাতে দুই কনস্টেবল আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শটগানের ৪২টি গুলি ছোড়া হয়। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।
শিবিরের প্রেস বিজ্ঞপ্তিতে অভিযোগ, তাঁদের ৩৫ জন কর্মী গুরুতর আহত হয়েছেন।
পাবনা: জেলা জামায়াতের প্রচার সম্পাদক আবদুর রউফকে (৪৫) শনিবার ভোরে পাবনা শহরের আটুয়া বাবলাতলা এলাকায় তাঁর নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। রউফের বিরুদ্ধে একাধিক মামলাসহ নাশকতার অভিযোগ রয়েছে।