ভূতের কাণ্ড!

সকালে ঘরের ভেতরে ঢুকেই কর্মকর্তা কর্মচারীদের চক্ষু চড়কগাছ! একটি রুমের কাঁচের দেয়াল ভাঙা। কাঁচের টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে বিশাল এলাকা জুড়ে। রাতে তো  ভেতরে কেউ ছিল না, তাহলে এই শক্ত কাঁচের দেয়াল কিভাবে ভাঙলো —এই প্রশ্নের উত্তর কারো মাথায় ঢোকে না। রাতের বেলায় কোনো চোর সিঁধ কেটে ভেতরে ঢুকেছিল কিনা তা ভালো করে তল্লাশি করে দেখা হলো। কিছুই পাওয়া গেল না। শেষমেশ সিসিটিভি ফুটেজ তলব করা হলো। ফুটেজ পরীক্ষা করে দেখা গেল, এটি আসলে ‘ভুতের কান্ড’!

ঘটনাটি সম্প্রতি ঘটেছে ইংল্যান্ডের বার্নসলে নিলাম সেন্টারে। কর্মকর্তারা সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও দেখে নিশ্চিত হন কোনো মনুষ্য সন্তান এই ঘটনার জন্য দায়ী নয়। ইন্টারনেটে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, রুমের ভেতরের দিক থেকে কাঁচের দেয়ালে এত জোরে চাপ প্রয়োগ করা হচ্ছে যে সেটি বাইরের দিকে কিছুটা বেঁকে চলে আসে! এরপর দেয়াল ভেঙে ঝাঁঝরা হয়ে অনেক জায়গা জুড়ে ছড়িয়ে পড়ছে। এখনও পর্যন্ত এই ঘটনার যৌক্তিক ব্যাখ্যা কেউ উপস্থাপন করেনি। ইন্টারনেটে ভিডিওটির দর্শকরা তাই এখনো ‘ভুত তত্ত্বে’ বিশ্বাস করে আছে। -এবিসি নিউজ