টাঙ্গাইলে পিকআপ-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৪

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কি নামক স্থানে কভার্ড ভ্যান ও পিকআপ ভ্যানের সংঘর্ষে পিকআপের চালকসহ ৪ জন নিহত হয়েছে। এতে  ৫ জন আহত হয়েছে। আহতদের মির্জাপুর হাসপাতাল এবং টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- মির্জাপুর উপজেলার জামুর্কি গ্রামের চা বিক্রেতা লেবু মিয়া (৪৫), ধনবাড়ির সোহেল মিয়া (৩০), ভুয়াপুরের ইসমাইল হোসেন (৪০) ও আব্দুর রশিদ (৪৫) ।
গোড়াই হাইওয়ে থানার ওসি যুবাইদুল আলম জানান, রবিবার সকাল পৌনে সাতটার দিকে ঢাকাগামী কভার্ড ভ্যান (ঢঅকা মেট্রো-ট-১৬-১৫৯৪) এবং টাঙ্গাইলগামী পিকআপের (ঢাকা মেট্রো নং-১৬-৭৬৬৬) মধ্যে সংঘর্ষ হলে পিকআপ ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় কভার্ড ভ্যানটি মহাসড়কের পাশের দোকানে উঠে যায়। এতে ঘটনাস্থলেই দোকানদার লেবু মিয়ার মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোহেল, আব্দুর রশিদ ও ইসমাইল মারা যান। আহতদের মির্জাপুর হাসপাতাল এবং টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ।
এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানায় মামলা হয়েছে। মামলা প্রক্রিয়া শেষে নিহতদের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওসি যুবাইদুল আলম জানিয়েছেন।