জামায়াতে ইসলামীর সাথে সরকারের আতাঁতের অভিযোগকে ‘টোটালি রাবিশ’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এ অভিযোগের বিষয়ে তার মন্তব্য জানতে চাইলে রবিবার সাংবাদিকদের তিনি বলেন, টোটালি রাবিশ। এটা নিয়ে আমরা আলোচনা করেছি। জামায়াত আমাদের সাথে কীভাবে কথা বলবে? এটা ওরা (জামায়াত) ছড়াচ্ছে। এর সাথে বিএনপিও আছে।
সচিবালয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও হরতালের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, কীসের হরতাল? আপনারা দেখছেন না কি হরতাল হচ্ছে?
অর্থমন্ত্রী বলেন, আইন করে জামায়াতকে নিষিদ্ধ করা যায়। কিন্তু করলে মহা অসুবিধা আছে। তারা আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। খুন-খারাবি করবে। ওরা খুন খারাবিতে ওস্তাদ।