লতা মঙ্গেশকারের জন্মদিনে প্রধান অতিথি টেন্ডুলকার

জনপ্রিয় গায়িকা ভারতের লতা মঙ্গেশকারের ৮৫তম জন্মদিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের সাবেক তারকা খেলোয়াড় শচীন টেন্ডুলকার। আগামী ২৮ অক্টোবর ৮৫ বছর বয়সে পা দেবেন লতা। এ উপলক্ষে জাকজমকপূর্ণ এক অনুষ্ঠানের আয়োজন করেছেন তিনি। ১৯২৯ সালের ব্রিটিশ ইন্ডিয়ার ইন্দোরে জন্মগ্রহণ করেন লতা মঙ্গেশকার।
জন্মদিনের অনুষ্ঠানে টেন্ডুলকারকে প্রধান অতিথি হিসেবে নিমন্ত্রণ করা হয়েছে। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লতার ছোট বোন আশা ভোসলে। এছাড়া লতার ছোট ভাই হৃদয়নাথ মঙ্গেশকারসহ সমাজের আরও অনেক গুণী ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে আছে মুম্বাইয়ের কোম্পানি হৃদয় আটর্স। ওই কোম্পানির চেয়ারম্যান অভিনাশ প্রভালকার বলেন, অনুষ্ঠানটি বেশ জাকজমকপূর্ণ হবে। মিউজিক ও নাচ দিয়ে অনুষ্ঠান শুরুর পরিকল্পনা রয়েছে আমাদের। এরপর থাকবে আরও অনেক চমক।
মুম্বাইয়ের কিংস সার্কেলের শানমুকেন্দ্র অডিটরিয়েমে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।