গোবিন্দগঞ্জে ধর্ষণ মামলার বাদীকে গলাকেটে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ধর্ষণ মামলার বাদী নূরজাহান বেগম (৩৯) নামে এক নারীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রাজাহার গ্রামের নিজ বাড়িতে খুন হন তিনি।  রবিবার দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
 
নিহত নূরজাহানের মা ছামাত্য বেগম জানান,  রাতে ৬/৭ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে। এ সময় তারা তার হাত-পা বেঁধে ফেলে এবং মেয়ে নূরজাহানকে মাটিতে ফেলে গলাকেটে হত্যা করে দ্রুত পালিয়ে যায়।
 
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি ধর্ষণের ঘটনায় একই গ্রামের মায়াজ্জেমের ছেলে মঞ্জুর (৩৮) বিরুদ্ধে চলতি বছরের ১৪ মার্চ ধর্ষণ মামলা করেন নূরজাহান। ওই মামলায় গ্রেফতার হয়ে কয়েকদিন আগে জামিনে জেল থেকে বেরিয়ে আসেন মঞ্জু মিয়া। ওই ঘটনার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে’।