জলবায়ু খাতে আশ্বাসের বাস্তবায়ন চাই: বনমন্ত্রী

 
 
পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, জলবায়ু খাতে শুধু দাতাদের আশ্বাস নয়, অর্থ সহায়তার নগদ ফল চেয়েছি। স্থানীয় সময় শনিবার বিকালে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গে উন্নয়নশীল দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠকশেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। নিউইয়র্কে ইউরোপীয় ইউনিয়ন দূতাবাসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
আনোয়ার হোসেন মঞ্জু জানান, ফ্রান্সের প্যারিসে পরিবেশ ও জলবায়ু বিষয়ক বৈঠকে ১০০ বিলিয়ন ডলারের তহবিল নিয়ে বাংলাদেশসহ সরকার ও রাষ্ট্র প্রধান পর্যায়ে একটি চুক্তি স্বাক্ষর হবে। চুক্তিটি সরকার ও রাষ্ট্রপ্রধানদের মধ্যে হবে, তাই কিছু বাধ্যবাধকতা নিয়ে এখন প্রস্তুতি চলছে। এই  তহবিল শুধু বাংলাদেশ নয়, তালিকাভুক্ত উন্নয়নশীল দেশগুলোর জন্য বলেও জানান তিনি। 
এসময় প্রতিশ্রুত পরিবেশ রক্ষায় ১০০ বিলিয়ন ডলারের প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, জলবায়ুর খাতের এই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। মাত্র ১৩৪ মিলিয়ন ডলার দেয়া হলেও তার পুরোটার ছাড় মেলেনি। অথচ বাংলাদেশ সরকার নিজেরাই ৩৪০ মিলিয়ন এবং আরো ১৯৪ মিলিয়নের মত বিদেশি ও দেশ অর্থ মিলে খরচ করেছে। এছাড়া দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রেও ট্রিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করা হয়নি। বাংলাদেশে যতটুকু দারিদ্র্য বিমোচন হয়েছে, তা খেয়ে না খেয়ে নিজেদের অর্থেই।
তবে মন্ত্রী বলেন, ইউরোপিয়ানদের মূল্যবোধ আছে, চোখে লজ্জাও আছে। তারা বলেছে, আগামী বছর প্যারিসে বৈঠকে চূড়ান্ত করবে। 
পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু জানান, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সঙ্গে  বৈঠক  প্রথমে লিমা, পরে ২০১৫ সালে প্যারিসে অনুষ্ঠিত হবে। 
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। ২৬ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন।