প্রয়াত চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ স্মরণে তারেক মাসুদ সাংস্কৃতিক কেন্দ্র দীর্ঘদিন পর তাদের প্রথম প্রযোজনা ‘আশ্চর্য সুন্দর এই বেঁচে থাকা’ নাটকটির বিশেষ মঞ্চায়নের আয়োজন করেছে। আগামীকাল রবিবার শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে নাটকটি।
লুইজি ব্রায়ান্টের ‘দ্য গেইম’ অবলম্বনে এই নাটকটির গল্পে দেখা যাবে- এক তরুণ কবি ও তরুণী নৃত্যশিল্পী আত্মহত্যার জন্য একই স্থানে আসে। সেখানে তাদের নিয়ে খেলায় মেতে ওঠে দুই অতিলৌকিক চরিত্র জীবন ও মৃত্যু। জীবন চায় তাদের বাঁচাতে আর মৃত্যু নিতে চায় ছিনিয়ে। অবশেষে নানা ঘটনার মধ্যদিয়ে জয়ী হয় জীবন। আর তরুণ-তরুণী পরম্পরের মাঝে পায় কাক্সিক্ষত মানুষের সন্ধান। তারা ভালবাসে একে অপরকে। তারা বেঁচে থাকার সিদ্ধান্ত নেয়। আমেরিকান নাট্যকার লুইজি ব্রায়ান্টের ‘দ্য গেইম’ নাটকটিকে উপজীব্য করে নির্মিত হয়েছে আত্মহত্যাবিরোধী নাটক ‘আশ্চর্য সুন্দর এই বেঁচে থাকা’। এর ভাষান্তর ও নির্দেশনা দিয়েছেন রুবাইয়াৎ আহমেদ। অভিনয় করছেন চন্দন বোস, সংগীত মিত্র, সৈয়দা রুনা মাসুদ, জগদিশ বিশ্বাস, চিন্ময়ী গুপ্তা, এহসান পনির, রুবিনা আক্তার, তাহমিনা রহমান শিমুসহ আরও অনেকে।