বাগেরহাটে শিবিরের ৫ কর্মী আটক

 
জামায়াত ইসলামীর ডাকা দ্বিতীয় দিনের হরতাল চলাকালে নাশকতা পরিকল্পনার অভিযোগে রবিবার দুপুরে বাগেরহাট শহরের সোনাতলা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ পাঁচ ছাত্র শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু ছাত্র শিবিরের মূল্যায়ন বই উদ্ধার করে পুলিশ। এদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের ফারুক খন্দকার (২৫), যশোরের কেশবপুর এলাকার শফিকুল ইসলাম ডাকুয়া (১৮), খুলনার দাকোপ উপজেলার লাউডোব গ্রামের ইদ্রিস সিকদার (১৮), বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বৈলতলী গ্রামের মো. জাকারিয়া (১৯) এবং একই উপজেলার ঢুলিগাতি গ্রামের সাফায়েত ইসলাম (২২)। এরা বিভিন্ন মাদ্রাসায় অধ্যায়নরত।
বাগেরহাট মডেল থানার ওসি মো. আলী আজম খান জানান, জামায়াত ইসলামের ডাকা হরতালের দ্বিতীয় দিন দুপর দেড়টার দিকে বাগেরহাট-খুলনা সড়কের সোনাতলা এলাকায় বাগেরহাট জেলা ছাড়াও বহিরাগত কয়েকজন জড়ো হয়ে নাশকতা পরিকল্পনার করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ পাঁচ জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ছাত্র শিবিরের বেশ কিছু বই উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা ছাত্র শিবির কর্মী বলে তিনি দাবি করেন।