মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আনারপুরায় রবিবার সকালে বসুন্ধরা পেপার মিলসে ভয়াবহ অগ্নিকান্ড ব্যাপক ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সাড়ে ৯টা থেকে চেষ্টা চালিয়ে দুপুর ২টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করেছে। এদিকে আগুনে মিলটির অন্তত ১৩ শ্রমিক আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে মিলটির জেনারেল ম্যানেজার সাদ তানভীর সন্ধ্যায় বলেন, ‘আমাদের কোন শ্রমিক আহত হয়নি, তবে দুয়ায় কয়েক অসুস্থ হলেও চিকিত্সা নিয়ে ফিরে এসেছে।’ কি পরিমাণ সম্পদ ক্ষতি হয়েছে এবং আগুনের কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভির্সের উপ সহকারী পরিচালক মমতাজ উদ্দিন বলেন, ভেতরে ওয়েল্ডিং করার সময় আগুনের সূত্রপাত। মিল কর্তৃপক্ষ ২০ কোটি টাকার সম্পদের ক্ষতি দাবি করলেও ক্ষতির পরিমাণ প্রায় ৫ কোটি টাকা। দ্রুত আগুন নেভানোর কারণে ১০ কোটি টাকার সম্পদ রক্ষা হয়েছে। তিনি জানান, বসুন্ধরার টয়লেট পেপার, সেনেটারী নেপকিনসহ, বিভিন্ন সামগ্রীর কয়েকটি মেশিন ক্ষতিগ্রস্ত হয়েছে।
গজারিয়া থানার ওসি ফেরদৌস হোসেন জানান, সকাল সোয়া ৯টার দিকে প্রথমে মিলটির গুদামে আগুন লেগে তা ফ্যাক্টরীতে ছড়িয়ে পড়ে।
ওসি জানান, নিরাপত্তার কারণে কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহতরা হলেন, মো. আশ্রাফ(৪০), মো. হাবিব(৩৫), নূর মোহাম্মদ(২০), লিটন(৩৫), হাসান আলী(২৪), শাকিল(৪০), আল আমিন(২৪), গাজী আলম(৩৫), মশিউর রহমান(২৪), মো: আফতাব উদ্দিন(৪৮), মোজাম্মেল হক(২২), ইকবাল হোসেন(৪৫) ও মো: রাজিবকে (২৪) বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও আগুনের ধুয়ায় কিছু শ্রমিক অসুস্থ হয়।