হরতাল জামায়াতের, মাঠ আওয়ামী লীগের

 
 
 
 
 
 
 
যুদ্ধাপরাধে অভিযুক্ত দেলোওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেয়ার প্রতিবাদ ও মুক্তির দাবিতে জামায়াত আহূত রাজধানীতে রবিবার দ্বিতীয় দিনে হরতালেও সাড়া মেলেনি। হরতালের সমর্থনে তাদের কোনো ধরনের তত্পরতা দেখা যায়নি। বরং হরতালে প্রতিবাদে রাজপথে সরব উপস্থিতি ছিল আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি। নগরজীবন ছিল প্রায় স্বাভাবিক। গণপরিবহনসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করেছে। অধিকাংশ দোকানপাট ছিল খোলা, ব্যাংকে স্বাভাবিক লেনদেন হয়েছে। লঞ্চ ও ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও রাজধানী থেকে দূরপাল্লার বাস চলচল ছিল কিছুটা কম। হরতালে নাশকতা ঠেকাতে রাজধানীতে পুলিশের ছিল সতর্ক অবস্থান।
সকালের দিকে যান চলাচল কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। ৯টার পর থেকে নগরীর অধিকাংশ পয়েন্টে ছিল সেই চেনা যানজট। একই অবস্থা ছিল দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। অন্যান্য দিনের মতোই চলে বেচাকেনা। জামায়াতের ঘাঁটি হিসেবে চিহ্নিত মগবাজার এলাকায়ও ছিল স্বাভাবিক জীবনযাত্রা। তবে খুব ভোরে মিরপুর শেওড়াপাড়া এলাকায় নাশকতার চেস্টাকালে পলাশ ও সাজ্জাদ নামের  দুই শিবির কর্মীকে পেট্রল বোমাসহ পুলিশ গ্রেফতার করে।
এ দিকে সকালের দিকে নাশকতার আশঙ্কায় দূরপাল্লার  বাস চলাচল কম থাকলেও  দুপুরের দিকে হরতাল উপেক্ষা করে রাজধানীর মহাখালি, গাবতলী ও সায়েদাবাস টার্মিনাল থেকে দূর পাল্লার বাস চলাচল শুরু হয়।
আপিল বিভাগ থেকে মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু দণ্ডাদেশ দেয়ার প্রতিবাদে জামায়াতে ইসলামী ৪৮ ঘণ্টার হরতাল ডাকে। প্রথম দিন ছিল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত। দ্বিতীয় দফায় রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ।

এ দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ, জিরো পয়েন্ট, পুরানা পল্টন, কারওয়ান বাজার, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা, ফার্মগেট, মিরপুর, যাত্রাবাড়ী, লালবাগ, আজিমপুর, নিউমার্কেট, গুলশান, বনানী, উত্তরা এলাকায় আজ হরতাল-বিরোধী মিছিল করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে হরতাল বিরোধী সমাবেশের আয়োজন করে যুবলীগ। যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ। তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের উদ্যোগে হরতাল-বিরোধী মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সভাপতি সফিউল্লাহ সফি, সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস তপন, নগর আওয়ামী লীগ নেতা একে আজাদ, যুবলীগ নেতা এ বি এম জাহাঙ্গীর হোসেন ও সাইফুল ইসলাম প্রমুখ। দুপুরে ১০ নম্বর গোলচত্বরে স্থানীয় সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের নেতৃত্বে হরতাল-বিরোধী মিছিল বের হয়। মিছিলটি কাজীপাড়া, শেওড়াপাড়া হয়ে আবার ১০ নম্বরে গিয়ে শেষ হয়।