আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ভাঙনের মুখে পড়েছে। কয়েকটি দল ইতিমধ্যে বিএনপিকে ত্যাগ করেছে। আল্টিমেটাম দিয়েছে আরো কয়েকটি দল। শুধু জোটই নয়, বিএনপিতেও ভাঙন দেখা দিয়েছে। যেকোনো সময় ভেঙে যাবে দলটি। বিএনপির অনেক নেতাই দিনে-রাতে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা পরিষদের হরতাল-বিরোধী মানববন্ধন কর্মসূচিতে তিনি এ সব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন বিএনপির ভাঙন রোধ, যুদ্ধাপরাধীদের রক্ষা, দলের হতাশাগ্রস্ত কর্মীদের চাঙা ও জামায়াতকে তুষ্ট করতেই দেশকে অস্থিতীশীল করার জন্য খালেদা জিয়া সোমবার হরতাল ডেকেছেন। তারা ২০১৩ সালের মতো জ্বালাও-পোড়াও করে দেশকে অস্থিতীশীল করতে চায়। এই ষড়যন্ত্রকারীদের সমূলে উত্পাটন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, হরতালের নামে নাশকতা, মানুষ হত্যা করলে প্রয়োজনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করতে হবে। জামায়াতের ডাকা দ্বিতীয় দিনের হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে দাবি করেন তিনি।
আয়োজক সংগঠনের সভাপতি সোহরাব খান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সুজীত রায় নন্দী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, দলের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক বলরাম পোদ্দার প্রমুখ।