বিএনপির হরতালের কোন যৌক্তিকতা নেই: তথ্যমন্ত্রী

 
তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিচারপতিদের অভিশংশনের বিষয়ে বিএনপির নেতৃত্বাধীন জোটের হরতাল ডাকার কোন যৌক্তিকতা নেই।
রবিবার মন্ত্রী সচিবালয়ে নিজ কার্যালয়ে কয়েকটি জাতীয় দৈনিকের সাংবাদিকদের এসব কথা বলেন।
 
মন্ত্রী বলেন, কারণ বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেয়া সংক্রান্ত সংবিধানের ১৬তম সংশোধনী বিল পাসে বিচারকদের স্বাধীনতায় কোন রকমের হস্তক্ষেপ করা হয়নি। বিএনপি আসলে জামায়াতের হরতাল জোরদার করতে তাদের সাথে গাটছড়া বেঁধে ষড়যন্ত্র-চক্রান্ত করতে আজকের হরতাল ডেকেছে।
সরকার টাকা দিয়ে ২০ দলীয় জোট ভাঙছে বলে বিএনপি  যে অভিযোগ তুলেছে তা ডাহা মিথ্যা ও ভিত্তিহীন অভিহিত করে তথ্যমন্ত্রী বলেন, যারা গণতন্ত্রের আশায় খালেদা জিয়ার সঙ্গে গিয়েছিলেন তারা হতাশ হয়ে জোট থেকে বের হয়ে এসেছেন। কারণ বিএনপি জোট ছেড়ে যারা বেরিয়ে আসছেন তারা বুঝতে পেরেছেন খালেদা জঙ্গীবাদের রক্ষক, পৃষ্ঠপোষক, ষড়যন্ত্র ও চক্রান্তের রাজনীতি করেন।