নির্যাতনের মাত্রা যত বাড়বে আন্দোলন ততই বেগবান হবে : মির্জা ফখরুল

 
 
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্যাতনের মাত্রা যত বাড়বে আন্দোলন ততই বেগবান হবে। সরকারের পতন এবং গণতন্ত্রের বিজয় অর্জিত হবেই হবে।
তিনি দেশবাসীকে শান্তিপূর্ণভাবে আগামীকালের হরতাল পালনের আহ্বান জানান।
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের দাবিতে ২০ দলের ডাকা হরতাল বানচাল করতে সরকার সারা দেশে বিরোধী নেতাদের গণগ্রেপ্তার চালাচ্ছে বলে অভিযোগ করে মির্জ ফখরুল বলেন, তল্লাশির নামে বাড়ি বাড়ি গিয়ে নির্যাতন নিপীড়ন ও হয়রানি করছে।
মহাসচিব বলেন, বর্তমান অবৈধ সরকার বিরোধী দলকে দমন করার হীন চক্রান্তের অংশ হিসেবে নেতা-কর্মীদেরকে মিথ্যা ও বানোয়াট মামলায় জড়িয়ে হেনস্তা করছে। গ্রেপ্তার করে রিমান্ডের নামে অবর্ণনীয় নির্যাতন চালাচ্ছে। এসব করার উদ্দেশ্যই হচ্ছে-ক্ষমতা হাতছাড়া হয়ে জনরোষের মুখে দেশত্যাগের পথও যেন বন্ধ না হয়ে যায়।
মির্জা আলমগীর বলেন, আদালতের ওপর একচ্ছত্র আধিপত্য বজায় রাখতেই সংসদের হাতে বিচারপতিদের অভিশংসন ক্ষমতা ফিরিয়ে দিয়েছে। এই আইনের দ্বারাই দেশের প্রধান নির্বাহী অর্থাত্ প্রধানমন্ত্রীকেই বিচার বিভাগের ওপর খবরদারী করার গ্যারান্টি নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে ২০ দলীয় জোট নেতা খালেদা জিয়ার নেতৃত্বে বিচারপতিদের অভিশংসন ক্ষমতা জাতীয় সংসদ কর্তৃক পাশের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে।