প্রায় ছয় কোটি টাকা আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংকের সাবেক দুই কর্মকর্তাসহ ১০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার কমিশনের নিয়মিত সভায় চার্জশিট দাখিলের এ অনুমোদন দেওয়া হয়। শিগগির মামলার বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য এ চার্জশিট আদালতে দাখিল করা হবে। উল্লেখ্য, ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি সাভার মডেল থানায় মামলাটি (মামলা নম্বর ১৩) দায়ের করা হয়। দুদকের উপপরিচালক রেভা হালদার এ মামলাটি তদন্ত করেছেন।
দুদক সূত্র জানায়, যাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার অনুমোদন দেয়া হয়েছে তারা হলেন, সোনালী ব্যাংকের সাভার শাখার সাবেক ম্যানেজার মো. আক্কাস আলী, একই শাখার সাবেক সিনিয়র অফিসার মো. ফজলুল হক, সাভারের মেসার্স বেপারী এন্টারপ্রাইজের মালিক মো. রিয়াজ উদ্দিন, নর্থ সাউথ ব্রিকসের মালিক মো. আবদুস সামাদ, মেসার্স ভাই-বোন স্টোরের মালিক মো. মোজাম্মেল হক, মো. ওয়াহিদুল ইসলাম, মেসার্স মিতু এন্টারপ্রাইজের মালিক মো. মেহের উদ্দিন, মেসার্স জহির জেলারেল স্টোরের মালিক মো. এনামুল হক, মেসার্স একতা ব্রিকসের মালিক মো. আবদুল আলিম খান ও মেসার্স নবী এন্টারপ্রাইজের মালিক এস কে এম রবিউল ইসলাম (নবী)।
দুদকের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সোনালী ব্যাংকের সাভার শাখা থেকে ভুয়া টিটির (টেলিগ্রাফিক ট্রান্সফার) মাধ্যমে জালিয়াতি করে আসামিরা প্রায় ছয় কোটি টাকা আত্মসাত্ করেছে। এ প্রতিবেদন যাচাই-বাছাই করে কমিশন দণ্ডবিধির ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১/৪৭৭(ক)/১০৯ এবং ১৯৪৭ সালের ২ নম্বর দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এ চার্জশিট দাখিলের অনুমোদন দেয়।