ইউরোপে ন্যাটোর প্রধান কমান্ডার জেনারেল ফিলিপ ব্রিডলাভ বলেছেন, ইউক্রেন ও রুশপন্থী বিদ্রোহীদের যুদ্ধবিরতি নামমাত্র। তিনি বলেন, দুই সপ্তাহ আগে যুদ্ধবিরতি স্বাক্ষরিত হওয়ার সময় গোলাগুলি যে মাত্রায় চলত, তা আগের মতোই রয়ে গেছে।বাল্টিক দেশ লিথুয়ানিয়ায় ন্যাটোর সামরিক প্রধানদের একটি সভার পর জেনারেল ফিলিপ শনিবার এ কথা বলেন।
জেনারেল ফিলিপ শনিবার মিনস্কে স্বাক্ষর হওয়া নয় দফা যুদ্ধবিরতি চুক্তির প্রশংসা করেন। ইউক্রেন, রাশিয়া, বিদ্রোহী এবং অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইন ইউরোপের (ওএসইসি) প্রতিনিধিদের উপস্থিতিতে ওই চুক্তি স্বাক্ষরিত হয়। এতে ৩০ কিলোমিটারের একটি বাফার জোন (মধ্যবর্তী নিরাপদ এলাকা) তৈরি, পূর্ব ইউক্রেনের আকাশসীমা লঙ্ঘন না করা এবং উভয় পক্ষে থাকা বিদেশি সেনা প্রত্যাহারের কথা বলা হয়।
জেনারেল ফিলিপ বলেন, এই মুহূর্তে ইউক্রেনের পরিস্থিতি ভালো নয়। এরই মধ্যে একাধিক যুদ্ধের ঘটনা ঘটেছে। গোলাগুলি হয়েছে। এই পরিস্থিতি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হওয়ার আগের মতোই। যুদ্ধবিরতি নামে আছে, বাস্তব পরিস্থিতি ভিন্ন।
রাশিয়া বিদ্রোহীদের অস্ত্র দিচ্ছে বলে ইউক্রেনের অভিযোগ। তবে বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে রাশিয়া। গত এপ্রিলের পর থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর যুদ্ধে তিন হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।