কুমিল্লায় গোয়েন্দা পুলিশের সঙ্গে ইয়াবা ব্যবসায় জড়িত সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে ডিবি পুলিশের দুই এসআইসহ চার পুলিশ আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও দুই হাজার পিস ইয়াবাসহ হেদায়তুল্লাহ ওরফে মনির নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় সোমবার সদর দক্ষিণ মডেল থানায় পৃথক তিনটি মামলা হয়েছে। আটক মনির জেলার মুরাদনগর উপজেলার পাহাড়পুর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত দেড়টার দিকে ডিবি পুলিশ জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোডের কাঁচাবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা ও গুলি চালায়। ডিবি পুলিশও এ সময় চার রাউন্ড পিস্তলের ও ১০ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে। হামলা ও গুলিতে ডিবি পুলিশের এসআই শাহ কামাল আকন্দ, এসআই সহিদুল ইসলাম, এএসআই নজরুল ইসলাম ও কনস্টেবল নুরুন্নবীসহ চার পুলিশ আহত হন। পরে গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থল থেকে হেদায়তুল্লাহ ওরফে মনিরকে (৩০) আটক করে করা হয়। পুলিশ তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় অপর সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত মনিরকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম পিপিএম জানান, এ ঘটনায় আজ সোমবার সকালে এসআই শাহ কামাল আকন্দ বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র, মাদক ও পুলিশ আহত করার অভিযোগে পৃথক ৩টি মামলা করেছে। অপর সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।