ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিএনপির হরতালে দেশের মানুষ সাড়া দেয়নি। রাজধানীসহ সারাদেশের মানুষের জীবন যাত্রা স্বাভাবিক রয়েছে। সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আওয়ামী সমর্থক জোটের উদ্যোগে আয়োজিত হরতাল বিরোধী মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। খবর:বাসসের।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, দেশের সংবিধান অনুযায়ী ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৯ সালের আগে নির্বাচন হওয়া তো দূরের কথা এ নিয়ে আলোচনা হওয়ারও কোন সুযোগ নেই।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন তা করেন। শেখ হাসিনা দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার তা ভালো লাগে না। সেজন্য তিনি দেশের উন্নয়ন কর্মকা-কে ব্যাহত করার জন্য যুদ্ধাপরাধীদের রক্ষা এবং জঙ্গিবাদী শক্তিকে উস্কে দেয়ার জন্য নানা ধ্বংসাত্মক কর্মসূচি দিয়ে আসছেন।
জোটের চেয়ারম্যান ও ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।