কুমিল্লার বুড়িচংয়ে টর্নেডোর আঘাতে কমপক্ষে ২০টি কাঁচা-পাকা ঘর লণ্ডভণ্ড হয়ে গেছে। এ সময় ঐ এলাকার কমপক্ষে ৫ শতাধিক গাছপালা উপড়ে পড়ে। সোমবার উপজেলার বাকশীমুল ইউনিয়নের বাকশীমুল গ্রামে এই টর্নেডোর আঘাতে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থায়ীয় জনপ্রতিনিধিসহ এলাকার লোকজন।
স্থানীয় এলাকার লোকজন জানায়, সোমবার বেলা ১২টার দিকে হঠাত্ করে টর্নেডো (দমকা হাওয়া) আঘাত আনে। এ সময় ২/৩ মিনিটের মধ্যে ঐ গ্রামের আবদুল কাদির, খোরশেদ আলম, হিরণ মিয়া, শাহজাহান শিকদার, সমু মিয়াসহ ১০/১২ জন লোকের কাঁচা-পাকা কমপক্ষে ২০টি ঘর টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। এছাড়া টর্নেডোর আঘাতে ঐ গ্রামের ঈদগাহ মাঠ ও আশপাশের এলাকার ৫ শতাধিক গাছপালা ভেঙ্গেচুরে উপড়ে মাটিতে লুটিয়ে পড়ে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নুরুল হক মাস্টার জানান, টর্নেডোর আঘাতে ঘর-বাড়ীসহ ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম নাজিম উদ্দিন বিকাল ৩টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্তদেরকে তাত্ক্ষণিকভাবে নগদ অর্থ সহযোগিতা করেন এবং সরকারি সাহায্য সহযোগিতার আশ্বাস দেন।