দীপিকাকে টাইমস অব ইন্ডিয়ার পাল্টা জবাব

 
 
অভিনেত্রী দীপিকার খোলা চিঠির জবাব দিল ভারতের প্রভাবশালী মিডিয়া টাইমস অব ইন্ডিয়া। ‘ডিয়ার দীপিকা, আওয়ার পয়েন্ট অব ভিউ’ শিরোনামে পত্রিকাটি লিখেছে, ‘দীপিকা, পর্দায় চরিত্রের প্রয়োজনে পরা পোশাক এবং বাস্তব জীবনের পোশাক পরা সংক্রান্ত আপনার মন্তব্য আমরা মেনে নিচ্ছি। কিন্তু পর্দার বাইরেও মঞ্চ, ম্যাগাজিনের প্রচ্ছদ বা ছবির প্রচারণায় ফটোশুটের সময় আপনি শরীর প্রদর্শন করেছেন। সেসব ছবি বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে। তখন আপনি কিছু বলেননি। তবে এখন কেন এই ভণ্ডামি?
দীপিকা ও টাইমস অব ইন্ডিয়ার মধ্যে বিতর্ক কয়েক দিন ধরেই চলছে। শুরু হয় দীপিকা পাডুকোনের আপত্তিকর ছবি এবং খবর প্রকাশের পর থেকেই। ব্যাপক ক্ষেপে যান এই তারকা অভিনেত্রী। ক্ষোভে বর্হিপ্রকাশ হিসেবে প্রথমে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে কড়া মন্তব্য করেন তিনি। পরে ফেসবুকে ‘মাই পয়েন্ট অব ভিউ’ শিরোনামের একটি খোলা চিঠি লেখেন।
দীপিকা টুইটে বলেন, ‘নারীকে সম্মান করতে না জানলে নারীর ক্ষমতায়ন নিয়ে কথা না বলাই ভালো।’ টুইটের পর এই অভিনেত্রীর সমর্থনে এগিয়ে আসেন অনেকেই। পরে টাইমস অব ইন্ডিয়ার পক্ষ টুইট করে বলা হয়, ‘দীপিকার উচিত এটাকে প্রশংসা হিসেবে নেয়া।’ সব শেষ শুক্রবার দীপিকা ‘মাই পয়েন্ট অব ভিউ’ শিরোনামে একটি খোলা চিঠি লেখেন। সেখানে তিনি বলেন, চরিত্রের প্রয়োজনে পর্দায় পোশাক পরা আর বাস্তব জীবনে পোশাক পরা এক বিষয় নয়। কোনো নারী তারকা ইচ্ছে করে পোশাক বিভ্রাটের কবলে পড়েন না, দুর্ঘটনাবশত তা ঘটে যায়। খবর বিক্রির জন্য আজেবাজে শিরোনামে খবর প্রকাশের কোনো মানে হয় না।
দীপিকার খোলা চিঠির জবাবে পত্রিকাটি আরও লিখেছে, হ্যাঁ, আমাদের খবরের শিরোনামটি আরও ভালো হতে পারত। কিন্তু খবরের কাগজ এবং অনলাইন সংবাদমাধ্যমের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। অনলাইনে চাঞ্চল্যকর খবরের শিরোনাম ব্যবহার করা বিরল কোনো ঘটনা নয়।’