বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা দেশের ৬৪টি জেলা সফরের যে অঙ্গীকার করেছিলেন তা পূরণ করতে চলেছেন। মঙ্গলবার থেকে তিনি পাঁচ দিনের সফরে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং চাঁদপুর যাচ্ছেন। এই সফরের মধ্য দিয়ে দেশের সবকটি জেলা সফর করা হবে মজীনার।
এই পাঁচ জেলা সফরকালে মার্কিন রাষ্ট্রদূত এবং যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) মিশন পরিচালক ইয়ানিনা জারুজেলস্কি স্থানীয় সরকারি কর্মকর্তা, পুলিশের এসপি এবং নাগরিক সমাজের সদস্যদের সঙ্গে সাক্ষাত্ করবেন।
জেলাগুলো সফরের সময় সেখানকার সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থানগুলোও পরিদর্শন করবেন মজীনা। এছাড়া তিনি কুমিল্লার শালবন বিহার, বসুর হাটের নারীদের হস্তশিল্প প্রকল্প এবং একটি মৃৎশল্পের গ্রাম ঘুরে দেখবেন। এছাড়াও তিনি ঐ জেলাগুলোয় অবস্থিত কিছু শিক্ষা প্রতিষ্ঠান ও ইউএসএআইডির কিছু প্রকল্পও পরিদর্শন করবেন। এর আগে ৫৯তম জেলা হিসেবে ফরিদপুর সফর করেছিলেন মজীনা।