কুমিল্লার বুড়িচংয়ে যৌতুকের দাবিতে রাশেদা আক্তার নামে এক গৃহবধুকে মারধর করে চলন্ত ট্রেনের নিচে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের স্বজনরা ক্ষুব্ধ হয়ে তার স্বামী সাইফুল ইসলামের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করেছে। সোমবার উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় রেলওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। সন্ধ্যা সাড়ে ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের রাঙ্গুরী গ্রামের মানিক মিয়ার মেয়ে রাশেদা আক্তারের (২২) সাথে প্রায় ৫/৬ বছর আগে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল গ্রামের কুদ্দুস মিয়ার পুত্র সাইফুল ইসলামের বিয়ে হয়। নিহতের পারিবারিক সূত্র জানায়, বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে রাশেদাকে প্রায়ই স্বামীসহ বাড়ির লোকজন নির্যাতন চালাত। একই দাবিতে রবিবার রাতেও তাকে মারধর করা হয়। সোমবার দুপুরের দিকে প্রচণ্ড বৃষ্টিপাতের সময় স্বামী সাইফুল ইসলাম স্ত্রী রাশেদাকে মারধর করে বাড়ির পাশে দিয়ে যাওয়া রেললাইনে নিয়ে যায়। এক পর্যায়ে তাকে ধাক্কা মেরে চলন্ত ট্রেনের নিচে ফেলে দিলে সে কাটা পড়ে মারা যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ বিকালে ঘটনাস্থল থেকে নিহতের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে।
এদিকে খবর পেয়ে রাশেদার স্বজন ও স্থানীয়রা চড়ানল গ্রামের সাইফুল ইসলামের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। ঘটনার পর থেকে স্বামী সাইফুল ইসলামসহ পরিবারের লোকজন পলাতক রয়েছে।
বুড়িচং থানার ওসি মো. জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে।