রাজধানীতে ছাত্রদলের মিছিল, আটক ১৫

 
 
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতালে সমর্থনে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর অন্তত ২০টি এলাকায় মিছিল করেছে ছাত্রদল। পৃথক মিছিল ও মিছিলের প্রস্তুতিকালে ছাত্রদলের ১৫ নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে।
এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুইটি মিছিল থেকে অন্তত সাতজনকে আটক করা হয়। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে আজই প্রথম ছাত্রদলের বিবদমান সব অংশ হরতালে রাজপথে নেমে মিছিল করেছে।
সকাল ১০টায় ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদের নেতৃত্বে মতিঝিল থানার বিপরীত দিক থেকে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে অংশগ্রহণকারীরা দৈনিক বাংলা মোড়ের দিকে প্রদক্ষিণের সময় পুলিশের বাধার মুখে ঐ স্থান ত্যাগ করে। দুপুর ২টায় সংগঠনের সহ-সভাপতি আবু সাঈদের নেতৃত্বে একটি মিছিল দুপুর নিউমার্কেটের সামনে থেকে শুরু হয়।
মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় পুলিশি বাধায় ছত্রভঙ্গ হয়। ছাত্রদলের সহ-সভাপতি শহিদুল্লাহ ইমরান ও তরুণদের নেতৃত্বে সকাল আটটায় একটি বিক্ষোভ মিছিল বসুন্ধরা সিটি মার্কেটের সামনে থেকে শুরু হয়ে পান্থপথ প্রদক্ষিণ করে। সকাল নয়টায় মতিঝিল শাপলা চত্বর এলাকায় সাংগঠনিক সম্পাদক রাজিব আহসানের নেতৃত্বে একটি মিছিল বের হয়। এ মিছিল থেকে পুলিশ কেন্দ্রীয় সদস্য নূরে আলম জাভেদ, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, তেজগাঁও কলেজের সহ-সভাপতি মিলনসহ আটজনকে আটক করেছে।
সিনিয়র যুগ্ম সম্পাদক ওবায়দুল হক নাসিরের নেতৃত্বে সকাল নয়টায় শাহবাগ এলাকায় মিছিল বের হয়। পুলিশের বাধায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। যুগ্ম সম্পাদক আকরামুল হাসান, নিয়াজ মাখদুম, মাসুম বিল্লাহর নেতৃত্বে সকাল সাড়ে ছয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে থেকে মিছিল বের হয়। পুলিশ ও ছাত্রলীগের হামলায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশ মিছিল থেকে ছাত্রদল নেতা লাবু ও খোরশেদসহ চারজনকে আটক করে। যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ মামুন এবং আশরাফ বাবুর নেতৃত্বে সকাল সাতটায় একটি বিক্ষোভ মিছিল শাহাবাগ থেকে শুরু হয়। শতাধিক নেতা-কর্মীর এ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে গেলে শাহবাগ মোড়ে পুলিশের হামলায় ছত্রভঙ্গ হয়ে ঐ এলাকা ত্যাগ করে। এছাড়াও বেশ কয়েক জায়গায় মিছিলের খবর পাওয়া গেছে।
ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব বলেন, হরতালের সমর্থনে আমরা শান্তিপূর্ণ মিছিল কর্মসূচি পালন করেছি। কিন্তু প্রায় সবস্থানেই পুলিশ, ছাত্রলীগ সরকার দলীয় বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীদের ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা কিংবা হামলার চেষ্টা করেছে।