গাড়িতে অগ্নিসংযোগের মামলায় ‘অন্যায়ভাবে’ কারাগারে পাঠানোর দাবি করে ৫ কোটি টাকা ক্ষতিপুরণ চেয়ে দুই সচিব ও তিন বিচারককে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট বার সম্পাদক ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন। আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা, দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. এরফান উল্লাহ ও হারুন অর রশীদকে ডাকযোগে এই নোটিশ পাঠানো হয়েছে। এক মাসের মধ্যে বিবাদীদেরকে ক্ষতিপূরণ পরিশোধ করতে বলা হয়েছে। নইলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। সোমবার তার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী এ নোটিশ পাঠান।
বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে ২০১২ সালের ২৯ এপ্রিল সারাদেশে হরতাল পালনকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়। ঐ ঘটনায় তেজগাঁও থানায় দ্রুতবিচার আইনে মামলা করে পুলিশ। এতে বিএনপি নেতৃত্বাধীন জোটের শীর্ষ নেতাসহ ৪৪ আসামি করা হয়। এই মামলায় ২০১২ সালের ২১ থেকে ২৮ মে পর্যন্ত কারাগারে ছিলেন খোকন।
ব্যারিস্টার রাগীব রউফ সাংবাদিকদের বলেন, এই মামলায় বিচারকের এখতিয়ার নিয়ে আমরা হাইকোর্টে রিট দায়ের করেছিলাম। ২০১২ সালের ১৩ ডিসেম্বর ওই রিটের রায়ে নিম্ন আদালতের বিচারকের এখতিয়ারকে অবৈধ ঘোষণা করা হয়। এখতিয়ার না থাকা সত্ত্বেও এরফান উল্লাহ তাকে (খোকন) কারগারে পাঠিয়েছেন। এ কারণে ক্ষতিপূরণ চেয়ে এই নোটিশ দেয়া হয়েছে।