অনাথ ও দুস্থ শিশুদের জন্য নিলামে উঠানো হয়েছিলো ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের ব্যাট, টাই ও টি-শার্ট। নিলাম থেকে ১৫ মিলিয়ন রুপি আয় করা সম্ভব হয়েছে। পুনের একটি এনজিও সোসাইটি অব ফ্রেন্ডস অব দ্য সাসোন হসপিটাল (সোফোশ) এই নিলামের আয়োজন করে।
অনুষ্ঠান শেষে এ ব্যাপারে টেন্ডুলকার বলেন, ‘এই পৃথিবীর সকল ব্যক্তিকেই ঈশ্বর মেধা দিয়ে পাঠিয়েছেন। এই মেধা চিহ্নিত হওয়ার পর অনেকেই তাদেরকে সম্মান করে। এই মেধাকে আরো বড় পরিসরে নিয়ে যাওয়াটা আমাদের হাতেই।’
অনুষ্ঠানে টেন্ডুলকারকে নিয়ে অনাথ ও দুস্থদের তৈরি একটি অডিও ক্যাসেট তাকে উপহার দেন শিশুরা। তা পেয়ে বেশ খুশী টেন্ডুলকার বলেন, ‘তাদের মনের দৃঢ়তা ও সংকল্প দেখে আমি অবাক। আমাকে নিয়ে শিশুরা ক্যাসেট তৈরি করেছে। এটি আমার জন্য অনেক বড় পাওয়া। তাদের সাথে কিছুটা সময় থাকতে ও আনন্দ করতে পেরে আমি বেশ খুশী।’