ফটিকছড়ির গ্রামীণ ফোন টাওয়ারে চুরি: মালামালসহ চোর আটক

খাগড়াছড়ির রামগড় ও ফটিকছড়ি সীমান্তের হাজিপাড়াস্থ গ্রামীণ ফোন টাওয়ারে চুরি হয়েছে। টাওয়ারের ব্যাটারী চুরির কারনে এলাকায় গ্রামীণ ফোনের নেটওয়ার্ক সকাল থেকে বন্ধ রয়েছে। এদিকে ব্যাটারীসহ সংঘবদ্ধ চোরের দলকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে ভূজপুর ও ফটিকছড়ি থানা পুলিশ বিবিরহাট বাস ষ্টেশন থেকে চোরাই মালামালসহ পাঁচ চোরকে গ্রেফতার করে। টাওয়ার থেকে এসব ব্যাটারী চুরি করে একটি মিনি পিকআপ যোগে পালাচ্ছিল তারা। তাদের কাছ থেকে  ৪৮টি ব্যাটারী, চুরি করার যন্ত্রপাতি ও তাদেরকে বহনকারী মিনি পিকআপটি(নং-চট্টমেট্রো-ন-১১-২৮২২) আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া ব্যাটারী গুলোর গায়ে ইংরেজিতে( জিএস ইয়াসা) লেখা রয়েছে। ৪৮টি ব্যাটারীর মধ্যে ২৪টি ৫৫০ এমপিআর আর বাকী ২৪টি ৩০০ এমপিআর ক্ষমতা সম্পন্ন।

গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ চোর দলের সদস্যরা হল হুমায়ুন কবির রানা (২৫),মো.আক্তার(২৬),আজগর হোসেন সাগর(২৬),পিকআপ চালক মহিউদ্দিন(২১) ও হেলপার সেলিম উদ্দিন আকাশ(২৫)। এদের মধ্যে হুমায়ুন কবির গ্রামীণ ফোনের স্টারলিংকের সাবেক কর্মচারী ছিল বলে সংশ্লিষ্ট মোবাইল কোম্পানির নিরাপত্তা কর্মকর্তা তানভীর ইসলাম জানান।
তানভীর জানান, সকাল ৭টার দিকে তাদের টাওয়ার নম্বর সি জিজিডিডি-০১ এর সাইড বন্ধ হয়ে যায়। তখন তারা বিষয়টি নিয়ে খোঁজ খবর নেয়া শুরু করেন। এক পর্যায়ে তারা জানতে পারেন যে তাদের টাওয়ারের ব্যাটারী চুরি হয়েছে। তখনই তারা পুলিশকে ব্যাপারটি অবহিত করেন। চুরি হওয়া এসব ব্যাটারী বিদ্যুত না থাকা অবস্থায় টাওয়ারের সব ধরনের সংযোগ সচল রাখে।
ব্যাটারী চুরির কারণে রামগড় ও ফটিকছড়ি সীমান্তবর্তী হাজি পাড়া নামকস্থানের টাওয়ারটি বন্ধ হয়ে যাওয়ায় উত্তর ফটিকছড়ির বাগান বাজার ও রামগড় অংশের গ্রামীণ ফোনের নেটওয়ার্ক অচল হয়ে পড়েছে। ফলে গ্রাহক ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে।

ভূজপুর থানার অফিসার ইনচার্জ জাহিদুল কবির জানান, ধৃত ব্যক্তিরা সংঘবদ্ধ চোর সিন্ডিকেটের সদস্য। তারা গত ২৫ জুলাই ভূজপুর ন্যাশনাল স্কুলের পার্শ্ববর্তী গ্রামীণ টাওয়ারের(নং-সিজিকেএইচটি-০১) ব্যাটারী চুরি করেছিল। এ ব্যাপারে গ্রামীণ ফোনের চট্টগ্রাম বিভাগের নিরাপত্তা কর্মকর্তা তানভীর ইসলাম বাদী হয়ে ভূজপুর থানায় মামলা দায়ের করেছেন বলে তিনি জানান।