গাজীপুরের শ্রীপুর উপজেলার চকপাড়া মেডিকেল মোড় এলাকায় মাওনা জুটমিল কারখানার এক নারী শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের আট দিন পর গতকাল সোমবার ওই নারী নিজেই বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় নাজমুল ইসলাম (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নাজমুল চকপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, মাওনা জুট মিলের এক নারী শ্রমিক গত মঙ্গলবার রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে একই কারখানার সুপারভাইজার নাজমুল ও তাঁর চার বন্ধু তাঁর পথ আটকান। তাঁরা নির্জন জায়গায় নিয়ে ওই নারীকে ধর্ষণ করেন। এ ঘটনা জানাজানি হলে পরদিন স্থানীয় মাতব্বরেরা ওই নারীকে দেওয়ার জন্য যুবকদের কাছ থেকে ৪০ হাজার টাকা নেন। ওই নারী জানান, মাতব্বরেরা টাকা নিয়ে কী করেছেন, সেটা তাঁর জানা নেই। গতকাল তিনি বাড়ি থেকে পালিয়ে গিয়ে মামলা করেন।