নাটোরে পুলিশের ওপর হামলা, ৪ জন গুলিবিদ্ধ

নাটোর প্রতিনিধি
নাটো্রের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুরে সৌদি প্রবাসী অপহৃত এক ব্যক্তিকে উদ্ধারে গিয়ে পুলিশ হামলার শিকার হয়েছে। এই সময়  আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুড়লে চার অপহরণকারী আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান লিটনকে  আটক করে।
 
পুলিশ জানায়, নলডাঙ্গা উপজেলার বামনগ্রাম এলাকার সৌদি প্রবাসী জহুরুল ইসলামের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে স্থানীয় যুবলীগ নেতা তৌহিদুর রহমান লিটন। জহুরুল চাঁদা দিতে অস্বীকার করলে তাকে সোমবার দুপুরে অপহরণ করা হয়। পরে বাসুদেবপুর  ইউনিয়ন পরিষদ ভবনের পাশে একটি ঘরে আটক রেখে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। জহুরুলের পরিবার বিষয়টি থানায় জানালে পুলিশ সন্ধ্যার পর তাকে উদ্ধারের জন্য ঘটনাস্থলে যায়।পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে চারজন গুলিবিদ্ধ হন।  গুলিবিদ্ধ বাসুদেবপুর গুচ্ছগ্রামেরএরশাদ আলী (২৫), সাজিপাড়ার  বাবু (২৮), বালুডাঙ্গা গ্রামের অখতার (৪০) ও চকপাড়া গ্রামের রুবেলকে (২০) নাটোর সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
 
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ শর্টগানের  ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জহুরুলকে উদ্ধার করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।