গাজীপুরে ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশা উল্টে মো. নাজিম খান (৪৮) নামে এক চিকিত্সকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার মহানগরের দাক্ষিণ খান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তিনি পাবনার সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন এবং ব্রাক্ষ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দুরিয়াদৌলত এলাকার মো. আবুল কাশেম খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডা. নাজিম খান মঙ্গলবার সকালে ঢাকার যাত্রাবাড়ির বাসা থেকে সিএনজি অটো রিকশা যোগে গাজীপুর আসছিলেন। যানজট এড়াতে অটো চালক হায়দারাবাদ সড়ক দিয়ে গাজীপুর শহরে আসছিলেন। দুপুর দুইটার দিকে গাজীপুর মহানগরীর হায়দারাবাদের দাক্ষিণ খান এলাকার রেল ক্রসিং পার হওয়ার সময় অসাবধানবশত: রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি ট্রেনের সাথে ধাক্কা লাগে। এতে অটো রিকশাটির ভেঙ্গেচুরে উল্টে পড়ে। এসময় স্থানীয়রা চালক ও যাত্রীকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক যাত্রী নাজিম খানকে মৃত ঘোষনা করেন। আর আশংকাজনক অবস্থায় চালক বিল্লাল হোসেনকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরেন করেন। সে গাজীপুরের বোর্ডবাজারের শরীফপুর এলাকার সামসুর রহমানের পুত্র ।
গাজীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক ফারজানা জাহান সত্যতা স্বীকার করে বলেন ডা. নাজিম পূর্বে গাজীপুর সদর হাসপাতালে কর্মরত ছিলেন। সম্প্রতি তার পাবনার সুজানগর উপজেলা হাসপাতালে বদলী হয়। গাজীপুর আদালতে স্বাক্ষী দিতে তিনি পাবনা থেকে আসছিলেন।