অবশেষে এশিয়ান গেমস হকিতে জয়ের মুখ দেখেছে বাংলাদেশ। সিঙ্গাপুরকে ২-১ গোলে পরাজিত করে এশিয়ান গেমসের ব্যর্থতার মিশনে কিছুটা হলেও খুশীর খবর দিতে পেরেছে চয়নরা। আগের দুই ম্যাচে জাপান ও মালয়েশিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারের পরে এই জয় দলকে কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরিয়েছে।
সিওনহাক স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের লক্ষ্যেই খেলতে নেমেছিল বাংলাদেশ। প্রথম থেকেই তাই আক্রমণাত্মক কৌশলে খেলা শুরু করে চয়নরা। কিন্তু প্রথম কোয়ার্টারে বাংলাদেশ কোনো গোল আদায় করতে পারেনি। ২৩ মিনিটে চয়ন কৃষ্ণ ও মিমোর কম্বিনেশনে সিঙ্গাপুরের গোলরক্ষক সুরেশকে কাটিয়ে বাংলাদেশকে এগিয়ে দেন পুস্কর ক্ষিসা মিমো (১-০)। তিন মিনিট পরেই পেনাল্টি কর্ণার পায় বাংলাদেশ। পপনাল্টি কর্ণারের বল গোলমুখে অবৈধভাবে রক্ষা করলে আম্পায়ার লিঙ্গম কারুপাসামির পেনাল্টি স্ট্রোকের নির্দেশ। সেই পেনাল্টি স্ট্রোক থেকে দলের ব্যবধান দ্বিগুন করেন খোরশেদুর রহমান (২-০)। এরপর আরো কয়েকটি গোলের সুযোগ নষ্ট করেন কৃষ্ণ কুমার, হাসান যুবায়ের নিলয় ও মইনুল ইসলাম কৌশিক।
অর্ধবিরতির পর ৩৩, ৩৪, ৪০, ৪৬ ও ৫৬ মিনিটের পেনাল্টি কর্ণারগুলো থেকে দলকে গোল উপহার দিতে পারেননি এই স্ট্রোকে বিশেষজ্ঞ মামুনুর রহমান চয়ন। তাছাড়া ৩৩, ৩৫ ও ৫৫ মিনিটে ফিল্ড গোলের সুযোগগুলোও হাতছাড়া হয়ে যায়। বরং তৃতীয় কোয়ার্টারের পরই জ্বলে উঠে সিঙ্গাপুর। মুহুর্মুর্হু আক্রমণ করতে থাকে বাংলাদেশ শিবিরে। ৪৭ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে জুল কেপলির স্টপ থেকে প্রচন্ডগতির হিটে তান ই রু গোল করে ব্যাবধান কমান। এই সময়ে ডিফেন্সিভ হয়ে পড়ে নাভিদ আলমের শিষ্যরা। কোনমতে সময় পার করে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চয়ন বাহিনী। ৫৮ মিনিটে গোললাইনের উপর থেকে চয়ন সিঙ্গাপুরের আক্রমন রক্ষা না করলে ম্যাচটি হয়ত ড্র হতে পারতো।
ম্যাচ শেষে নাভিদ আলম বলেন, ‘বাংলাদেশের দীর্ঘ মেয়াদি পরিকল্পনা ছাড়া এগুনো সম্ভব নয়। ছেলেরা ভালো খেলেছে। তবে শেষ দিকে তারা খেই হারিয়ে ফেলে। আমি যতই তাদের বলি না কেন কাজ হবে না। যে পর্যন্ত তারা বেশি বেশি আন্তর্জাাতিক ম্যাচ না খেলবে, ততদিন পর্যন্ত এই ভীতি কাটবে না।’ পুস্কর ক্ষিসা মিমো বলেন, ‘আমাদের বেশি গোল দেয়ার টার্গেট ছিল। কমপক্ষে পাচ কিংবা ছয়টি। যে কারনে খেলা খারাপ হয়েছে। তবে সুযোগগুলি কাজে লাগাতে পারলে ঠিকই বড় ব্যাবধানে জয়ী হতাম।’
বাংলাদেশ ২৭ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে।