৩৫ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

 
৩৫তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে লোক নিয়োগের জন্য এক হাজার ৮০৩টি শূন্য পদের বিপরীতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। মঙ্গলবার দুপুরের পর কমিশনের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর আগে পিএসসি সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হয়। এবারের ৩৫ তম বিসিএস-এর দুইশ নম্বরের প্রিলিমিনারি টেস্ট ২০১৪ সালের ডিসেম্বর মাসের দ্বিতীয়ার্ধে অনুষ্ঠিত হতে পারে।
প্রকাশিত বিজ্ঞিপ্তি অনুযায়ী সাধারণ ক্যাডারে ৪৫৫ জন, প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডারে ৪৮৪, সাধারণ শিক্ষা ক্যাডারে ৮২৯ জন, বিশেষায়িত শিক্ষা ক্যাডারে ৩৫জন নিয়োগ করা হবে বলে উল্লেখ করা হয়েছে। আবেদন ফরম পুরণ ও ফি জমাদান শুরু হবে ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে, শেষ হবে ৩০ অক্টোবর। প্রার্থীদেরকে ২০০(দুইশত) নম্বরের একটি লিখিত প্রিলিমিনারি টেস্টে অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার পূর্ণ সময় দেয়া হবে ২(দুই) ঘণ্টা। এই পরীক্ষায় মোট ২০০(দুইশত) টি প্রশ্ন থাকবে। প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১(এক) নম্বর পাবেন, তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে।
সংশোধিত বিধিমালায় পরীক্ষার আবেদনপত্রের মূল্য ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকা করা হয়েছে। তবে প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত তথা অনগ্রসর জনগোষ্ঠীদের জন্য ২৫০ টাকা থেকে কমিয়ে আবেদনপত্রের মূল্য ১০০ টাকা করা হয়েছে। মৌখিক পরীক্ষায় পাস নম্বর ৪০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় ৩০ নম্বরের কম পেলে প্রার্থী কোনো নম্বর পাননি বলে গণ্য হবে, আগে যা ছিল ২৫ শতাংশ। লিখিত পরীক্ষায় পাস নম্বর ধরা হয়েছে ৫০।
উল্লেখ্য, সর্বশেষ গত বছরের ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ফলে ৩৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের সাড়ে ১৯ মাস পর সরকারি চাকরিতে যোগদান পরীক্ষার নতুন বিজ্ঞপ্তি পেলো চাকরি প্রার্থীরা।